কলকাতা পুরসভার (KMC) সেন্ট্রাল সার্ভার এবং ওয়েবসাইটে বড়সড় সাইবার হামলা। গত ১৪ সেপ্টেম্বর থেকে এই হামলার জেরে পুরসভার সমস্ত অনলাইন পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছিল। তবে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে।
প্রাথমিক তদন্তে আইটি বিশেষজ্ঞদের অনুমান, এটি একটি র্যানসামওয়্যার (Ransomware) অ্যাটাক। হামলার তীব্রতা এতটাই ছিল যে, পুরসভার ডেটা সেন্টার ও ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যার জেরে থমকে গিয়েছিল গুরুত্বপূর্ণ পরিষেবা। এই সাইবার হামলার প্রভাব শুধু KMC-তেই সীমাবদ্ধ ছিল না। রাজ্যের স্টেট ডেটা সেন্টারের অধীনস্থ উচ্চশিক্ষা দপ্তর-সহ আরও বেশ কিছু সরকারি পোর্টালও এর ফলে বিপর্যস্ত হয়।
গত এক সপ্তাহ ধরে পুরসভার অনলাইন পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল। এর ফলে -জন্ম-মৃত্যু পোর্টাল কাজ না করায় নতুন ডিজিটাল বার্থ ও ডেথ সার্টিফিকেট আপলোড বা ডাউনলোড করা যাচ্ছিল না। অনলাইনে পুরকর জমা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ ছিল। পুরসভার বিল্ডিং বিভাগ, ট্রেজারি, রাজস্ব ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের অনলাইন কাজ থমকে গিয়েছিল।
এরপর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে পুরসভার তথ্যপ্রযুক্তি বিভাগ এবং সাইবার বিশেষজ্ঞরা দ্রুত ব্য়বস্থা গ্রহণ করে। সুরক্ষার স্বার্থে এবং ডেটা সেন্টারকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে ই-ডিস্ট্রিক্ট-সহ বেশ কিছু অনলাইন পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। সূত্রের খবর, জাতীয় সাইবার রেসপন্স টিম (CERT-In) এর নির্দেশিকা মেনে ডিজিটাল পরিকাঠামোর নিয়মিত অডিট ও রক্ষণাবেক্ষণের কাজও সমান্তরালভাবে চালানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার পরই পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্মিতা পান্ডে।