ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিনিয়োগ টানতে তৎপর বিজেপি সরকার। বিনিয়োগের লক্ষ্যে নিজেই শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ করতে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সোমবারই তিনি বাণিজ্যনগরীতে পাড়ি দেবেন। আম্বানির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে আগেই সময় নির্ধারণ করেছিলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে আম্বানিদের বেশ কিছু ব্যবসা রয়েছে। সেই বাণিজ্যের আরও বিস্তারের জন্য সচেষ্ট আম্বানিরা। বিনিয়োগ হলে রাজ্যে চাকরিপ্রার্থীরা কাজের সুযোগও পাবেন। মুকেশ আম্বানির সঙ্গে শুভেন্দু অধিকারী সাক্ষাতে এসব বিষয় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। গুজরাটে বন্যপ্রাণীদের বাসস্থান ও হাসপাতালের জন্য আম্বানিদের একটি প্রতিষ্ঠান রয়েছে। সেই ‘বনতারা’র একটি শাখা পূর্ব ভারতে খোলার পরিকল্পনা রয়েছে ওই শিল্পপতি গোষ্ঠীর। পশ্চিমবঙ্গে বিরাট অরণ্যাঞ্চল রয়েছে, আর সে কারণে আম্বানিদের নতুন প্রকল্প যাতে বাংলায় হয়, সূত্রের খবর, সেই প্রস্তাব দিতে পারেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সম্প্রতি পুরুলিয়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয়ারণ্য তৈরির কথা ঘোষণা করেছেন। দক্ষিণবঙ্গে সেটিই হবে প্রথম। পাশাপাশি আম্বানিদের ‘বনতারা’র নতুন শাখা খোলা হবে কিনা তা নিয়েই জল্পনা তৈরি হয়েছে।
গত মে মাসে রাজ্যে পালাবদলের পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিনিয়োগ টানার জন্য শিল্পপতিদের বার্তা দিয়েছেন। বদলের বাংলায় ব ইনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। শিল্পমন্ত্রী তাপস রায়ও শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন। বাম আমলে সিঙ্গুর থেকে টাটাদের ন্যানো কারখানা চলে যাওয়ার পর থেকে শিল্পখরা কাটাতে পদ্ম শিবির তৎপরতা শুরু করেছে।