ওঙ্কার ডেস্ক: কাজের জন্য পশ্চিম আফ্রিকার দেশ মালিতে গিয়ে জঙ্গিদের হাতে অপহৃত হলেন তিন ভারতীয়। এক সিমেন্ট কারখানায় তিন জনেই কর্মরত ছিলেন। সেখানে জঙ্গি হামলার সময় তাঁদেরকে অপহরণ করা হয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পাশাপাশি মালির সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
জানা গিয়েছে, অপহৃত তিন ভারতীয় কায়েসের ডায়মন্ড সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত ১ জুলাই ঘটনাটি ঘটেছে। একদল সশস্ত্র জঙ্গি কারখানায় চড়াও হয়। সেখানে হামলা চালানোর পাশাপাশি তিন জন ভারতীয়কে জোর করে অপহরণ করে তারা। তবে জঙ্গি গোষ্ঠীটির তরফে এখনও পর্যন্ত অপহরণের দায় স্বীকার করা হয়নি। হামলা করেছে যে জঙ্গি সংগঠন সেই জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) আল-কায়েদার সহযোগী। ইতিমধ্যে তারা হামলার দায় স্বীকার করেছে।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, মালির রাজধানী বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং ডায়মন্ড সিমেন্ট কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। পাশাপাশি অপহৃত তিন ভারতীয়র পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছে বিদেশ মন্ত্রক। একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘ভারত সরকার দ্ব্যর্থহীনভাবে এই হিংসার নিন্দা জানায় এবং মালি প্রজাতন্ত্রের সরকারকে অপহৃত ভারতীয়দের নিরাপদ এবং দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপদ এবং দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন।’
