নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি বিষয়টিতে নজর দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক এই সংগঠনের রিপোর্টের কথা উল্লেখ করে এবার বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে পদ্ম শিবিরকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো।
নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন এবং নিউইয়র্ক-ভিত্তিক বহু-দেশীয় এনজিও হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এখন বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার কর্তৃক ভারতের বাংলাভাষী মানুষদের হয়রানি, নিপীড়ন এবং অবৈধভাবে নির্বাসনের বিষয়টি তুলে ধরেছে। মানবাধিকার সংগঠনটি একটি রিপোর্ট প্রকাশ করেছে যা আমরা বলে আসছি: বিজেপি সরকার কর্তৃক বাংলাভাষী ভারতীয়দের (বিভিন্ন বর্ণ এবং সম্প্রদায়ের) নির্বিচারে নির্যাতন করা হচ্ছে এবং দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে।’
মমতা আরও লিখেছেন, ‘হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া পরিচালক এলেন পিয়ারসন বলেছেন, বিজেপি নির্বিচারে ভারতীয় নাগরিক-সহ বাঙালিদের দেশ থেকে বের করে দিয়ে বৈষম্যকে উস্কে দিচ্ছে।’ তাঁর আরও সংযোজন, ‘এইচআরডব্লিউ জানিয়েছে যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে বিজেপি শাসিত রাজ্য অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লিতে এটি ঘটছে। লজ্জার বিষয়!! এখন, এমনকি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলিও ভারতে ভাষাগত সন্ত্রাসবাদের দিকে নজর দিতে শুরু করেছে। এটি অবিলম্বে বন্ধ করা উচিত!!’
