ওঙ্কার ডেস্ক: রাজ্যের বিভিন্ন জেলায় ২০ হাজার ৩০ কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে ‘পথশ্রী রাস্তাশ্রী’ প্রকল্পে এই পথের শিলান্যাস করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সরকারি সভার পরে এদিন দলীয় কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যে রাস্তা গুলির শিলান্যাস করেছেন তার মধ্যে বেশিরভাগ রয়েছে গ্রামীণ এলাকায়। নবান্ন সূত্রে খবর, পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে মোট ২০,৪৭৯টি রাস্তা হবে। যার দৈর্ঘ্য প্রায় ২০ হাজার ৩০ কিলোমিটার। গ্রামীণ ক্ষেত্রে মোট ৯,১১৪টি রাস্তা নির্মাণ করা হবে এই প্রকল্পে। যার দৈর্ঘ্য হবে প্রায় ১৫,০১১ কিলোমিটার। শহরাঞ্চলে রাস্তা তৈরি হবে ১১,৩৬৫টি। দৈর্ঘ্যের হিসাবে যা প্রায় ৫,০১৯ কিলোমিটার। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের রাস্তা পরিকাঠামোয় জোর দিতে বাংলাজুড়ে রাস্তা নির্মাণে সিলমোহর দিয়েছিল মন্ত্রিসভা। ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পে রাস্তা তৈরি জোরদার করতে আলাদা করে টেন্ডার করার নতুন পোর্টালও খোলে নবান্ন। সামনেই যেহেতু রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই উন্নয়নে জোর দিচ্ছে তৃণমূল সরকার।
এদিন নদিয়ার সভা থেকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ নিয়ে মোদী সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা কেন্দ্রীয় সরকারের ভিক্ষা চাই না। আদালতের নির্দেশ পেয়ে ছ’মাস ঘুমিয়ে ছিল। হঠাৎ একটা নোটিস পাঠিয়েছে কেন্দ্র। রাস্তা তৈরির টাকাও বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ভাল কাজ করলেও পশ্চিমবঙ্গকে বঞ্চনা।’ ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো।
