ওঙ্কার ডেস্ক:ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ফোনে কথা বলার পরই তাঁর এই দিল্লি সফর। মঙ্গলবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসছে। তার পর দিন অর্থাৎ বুধবার রয়েছে বিরোধী জোটের বৈঠক। সেখানেই পদ্ম শিবিরকে রুখতে যৌথ কর্মসূচির রূপরেখা চূড়ান্ত হবে।
দিল্লি রওনা হওয়ার আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন। বিমানবন্দরে মমতা বলেন, নির্বাচন কমিশন নিয়ে ইন্ডি জোটের বৈঠক রয়েছে। সেই কারণেই তিনি দিল্লি যাচ্ছেন। সূত্রের খবর, বাংলায় তৃণমূলের সঙ্গে জোট নিয়ে বাম ও কংগ্রেসের নিচুতলায় আপত্তি রয়েছে। রাজ্যে ক্ষমতায় থাকার সময় ইন্ডিয়া জোটে বাম-কংগ্রেসকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার অভিযোগও মমতার বিরুদ্ধে উঠেছে।
তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ওই দুই দলকেই পাশে চাইছেন মমতা। সূত্রের খবর, দিল্লিতে গিয়ে আলাদাভাবে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলতে পারেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও পৃথক বৈঠক হতে পারে তাঁর। সম্প্রতি রাহুল গান্ধী এবং সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে ফোনে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সব বিরোধী দলকে একজোট হয়ে পথে নামার পরামর্শ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।