ওঙ্কার ডেস্ক: নারী ক্ষমতায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অন্যতম সফল উদ্যোগ ‘কন্যাশ্রী’ প্রকল্প ১২ বছরে পা দিল। ২০১৩ সালের ১৪ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছিলেন, যার লক্ষ্য ছিল আর্থিকভাবে পিছিয়ে থাকা মেয়েদের উচ্চশিক্ষা ও স্বনির্ভরতার সুযোগ করে দেওয়া। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এই প্রকল্পের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী এবং জানালেন বিশেষ বার্তা।
মমতার কথায়, “আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব, সারা দেশ এবং সারা বাংলার সব কন্যাশ্রীদের জানাই অভিনন্দন”। তিনি দাবি করেন, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এত কম সময়ে এত বড় প্রভাব আর কোনও সরকারি প্রকল্প ফেলতে পারেনি। মেয়েদের উদ্দেশে মমতার আরও বলেছেন, “জীবনে বড় হও, দেশের ও রাজ্যের মুখ উজ্জ্বল করো। তোমরাই একদিন বিশ্ববাংলা গড়বে, বিশ্বে সম্মানের মুকুট মাথায় পরবে”।
উল্লেখযোগ্য ভাবে, ইউনেস্কো এই প্রকল্পকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ৬২টি দেশের ৫৫২টি প্রতিযোগী প্রকল্পের মধ্যে প্রথম স্থান পেয়ে কন্যাশ্রী জিতেছে জাতিসংঘের পুরস্কার। মুখ্যমন্ত্রী জানান, এতদিনে রাজ্যের ৯৩ লক্ষেরও বেশি ছাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছে এবং তাঁদের হাতে পৌঁছেছে প্রায় ১৭,৫০০ কোটি টাকা।
কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করাতে নির্দিষ্ট বয়সে পৌঁছনো ছাত্রীদের এককালীন ২৫ হাজার টাকা সরাসরি তাঁদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়। স্কুল বা কলেজ থেকেই ফর্ম সংগ্রহ করে সহজেই নাম নথিভুক্ত করা যায়।
