ওঙ্কার ডেস্ক: পারিবারিক বিবাদের জেরে নিজের বিচ্ছিন্ন স্ত্রী ও শ্যালিকাকে ঘুমন্ত অবস্থায় খুন করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলার চিন্তামণি শহরে। ইতিমধ্যে তদন্তে নেমে অভিযুক্ত ওই ৩০ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত যুবকের নাম এজাজ। তিনি কোলারের বাসিন্দা। অভিযোগ, সোমবার সকালে ছুরি দিয়ে ওই ব্যক্তি তাঁর ২৫ বছর বয়সী স্ত্রী শামা ও শ্যালিকার উপর হামলা করেন। জোড়া হত্যাকাণ্ডের পর নিজের তিন সন্তানকে নিয়ে পালিয়ে যান অভিযুক্ত। অভিযুক্ত ব্যক্তি আলমারি মেরামতের কাজ করতেন বলে জানা গিয়েছে। স্ত্রী ও শ্যালিকাকে হত্যার পর সন্তানদের নিয়ে ওই ব্যক্তি কোলারের গুলপেটে নিজের বাড়িতে চলে যান। কয়েক ঘণ্টা পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। পুলিশের এক আধিকারিক জানান, পারিবারিক বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায় ঝগড়া হতো। সম্প্রতি এজাজের শাশুড়ির মৃত্যুর পর থেকে শামা চার মাস ধরে সন্তানদের নিয়ে চিন্তামণিতে তাঁর বাপের বাড়িতে থাকছিলেন। শুধু তাই নয়, তিনি সন্তানদের নিয়ে এজাজের বাড়িতে যেতে অস্বীকার করেছিলেন।
পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক জানান, এই বিষয়টিতে রেগে যান এজাজ। সেই ক্ষোভের বশবর্তী হয়ে সোমবার ভোরে শামার বাড়িতে এসে শামা ও তাঁর বোনকে গলা কেটে খুন করেন। সেই সময় দুজনেই ঘুমাচ্ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, চিন্তামণি টাউন থানায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি আরও তদন্ত চলছে।