ওঙ্কার ডেস্কঃ ছুটির দিনেই মিটিং মিছিল যা করার করতে হবে, রাজ্য সরকারের এই ‘পলিসি’তে কার্যত জল ঢেলে দিল হাইকোর্ট। বারুইপুর কাণ্ডে শর্তসাপেক্ষে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত কালীঘাট তৃণমূলের মিছিলের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বুধবারই হবে এই মিছিল। তবে বেঁধে দেওয়া হয়েছে কড়া সময়সীমা। মিছিলে মানতে হবে একাধিক শর্তও।
রাজ্যের তরফে এই মিছিলের তীব্র বিরোধিতা করা হলেও, আদালত এই মিছিল করতে সায় দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, প্রক্রিয়ায় অধিকারের দাবিতে দেশের যেকোনও মানুষের আন্দোলন করার অধিকার রয়েছে। আদালত এই অধিকার কেড়ে নিতে পারে না।
৬ জুলাই ইমেলের মাধ্যমে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্সের কাছে মিছিলের আবেদন জানিয়েছিল পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেস। কিন্তু ট্রাফিকের সমস্যার কথা বলে পুলিশ সেই অনুমতি খারিজ করে দেয়। বিষয়টি গড়ায় আদালতে।
আদালতে রাজ্যের পক্ষে যুক্তি, বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘিঞ্জি এলাকা। পাশেই রয়েছে শিশুমঙ্গল হাসপাতাল। নিয়ম অনুযায়ী, কলকাতা পুলিশের পোর্টালে ১৫ দিন আগে আবেদন করতে হয়।
এই বিষয়ে আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি যখন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো জায়গায় কাজের দিনে মিছিল করে, তখন ছাড় দেওয়া হয়। আর এখন রাজ্য সরকার ভোল বদলে বলছে কাজের দিনে নয়, শুধু শনি-রবিবার ছুটির দিনে মিছিল করতে হবে। যদি রাজ্য সরকার এটাই চায়, তবে তারা পলিসি নিয়ে আসুক। সাংবিধানিক অধিকার কি সোম থেকে শুক্র সাসপেন্ডেড থাকে?”
আদালতের নির্দেশ, মিছিল হবে বুধবার দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। সাড়ে ৪টের মধ্যে রাস্তা সম্পূর্ণ খালি করে দিতে হবে। মিছিলে সর্বোচ্চ ১০০০ মানুষ উপস্থিত থাকতে পারবেন এবং শুধুমাত্র হ্যান্ড মাইক ব্যবহার করা যাবে। রাস্তার এক ধার দিয়ে মিছিল নিয়ে যেতে হবে। আদালত জানিয়েছে, মিছিলে কোনওরকম প্ররোচনামূলক বা উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। ট্রাফিক ও নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব থাকবে পুলিশের ওপর।