ওঙ্কার ডেস্ক: বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল তিন বছরের এক শিশুকন্যা। পুলিশে অভিযোগও দায়ের করেছিল পরিবার। অবশেষে সেই নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হল একটি ড্রেন থেকে। তদন্তকারীরা জানতে পেরেছেন ধর্ষণের উদ্দেশে ওই শিশুকে অপহরণ করে নিয়ে গিয়েছিল এক যুবক। এর পর তাকে যৌন নিগ্রহের চেষ্টা করতে বাঁচার জন্য চিৎকার করে ওই শিশুকন্যা। তখনই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির কাপাশেরা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম চন্দন কুমার; ৩৭ বছর বয়স তার। উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত। গত ১০ জুলাই সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হওয়ার পর কাপাশেরা থানায় একটি এফআইআর দায়ের হয়। তদন্ত শুরু হলে ১৪ ও ১৫ জুলাইয়ের মধ্যবর্তী রাতে পুলিশ কাপাশেরার একটি ড্রেন থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। পুলিশের এক আধিকারিক জানান, তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে ড্রেনে ফেলার আগেই শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। শিশুটিকে অপহরণের পর অভিযুক্ত তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি যখন চিৎকার শুরু করে তখন তাকে শ্বাসরোধ করে হত্যা করে। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা অভিযুক্তকে চিহ্নিত করেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, ধর্ষণের উদ্দেশ্যে শিশুটিকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল সে। কিন্তু শিশুটি চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
পুলিশ জানিয়েছ, বৃহস্পতিবার কাপাশেরায় তার গোপন ডেরায় অভিযান চালায় পুলিশ। তাকে ধরার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এর ফলে তার বাম পায়ে গুলি লাগে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও একটি কার্তুজ উদ্ধার হয়েছে। পেশায় দর্জি ওই ব্যক্তি বিবাহিত। তার স্ত্রী ও পাঁচ বছরের ছেলে রয়েছে বলে জানা গিয়েছে।