ওঙ্কার ডেস্ক: দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল আদালতে। তা নিষ্পত্তির আগেই স্ত্রীকে গুলিতে ঝাঁঝরা করে দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রিপোর্ট অনুসারে, দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলা আদালতে বিচারাধীন ছিল। ৩০ বছর বয়সী সঙ্গীতা দেবী এবং তার দুই সন্তান কিছুদিন ধরে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের থেকে আলাদা থাকছিলেন। পুলিশ জানিয়েছে, তার এবং পরিবারের মধ্যে কিছু ঝামেলা চলছিল। শুক্রবার রাত আটটা নাগাদ অভিযুক্ত ব্যক্তি পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে বসন্তপুর গ্রামের সানলাইট কলোনিতে স্ত্রীর বাড়িতে আসে।
স্থানীয়দের মতে, যখন স্বামী এবং শ্বশুরবাড়ির লোক তার বাড়িতে যায় সে সময় সঙ্গীতা দেবী বাইরে গিয়েছিলেন। তারা তাকে না পেয়ে ফিরে আসতে শুরু করে। কিন্তু রাস্তায় সঙ্গীতার সঙ্গে দেখা হয়ে যায় অভিযুক্তের। মাঝ পথে তাকে আটকায় অভিযুক্ত ও তার সঙ্গে থাকা লোকজন। দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। যা বচসার আকার নেয়। পুলিশ জানিয়েছে, সঙ্গীতা আত্মরক্ষার চেষ্টা করলে তখন তার স্বামী তাকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়। দুটি গুলি লাগার পর সঙ্গীতা রাস্তায় লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে তড়িঘড়ি প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা সঙ্গীতাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার পরই অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পাল্লা থানার আধিকারিক সত্য প্রকাশ বলেন, ‘খুনের মামলা দায়ের করা হয়েছে। বিহারের বাসিন্দা অভিযুক্তকে গ্রেফতারের জন্য দল গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদের বিরোধের বিষয়টি জানা গেছে। আরও তদন্ত চলছে।’
