ওঙ্কার ডেস্ক: রাজ্যের বিদায়ী শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অব হিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী তথা ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁকে টিকিট দিতে পাঁচ কোটি টাকা জোড়াফুল শিবিরের তরফে চাওয়া হয়েছিল বলে অভিযোগ মনোজের। বিস্ফোরক অভিযোগ শুধু নয়, তিনি এই দাবি করেই তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছেন।
রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে সোমবার। বিপুল সংখ্যক আসন জিতে বঙ্গে সরকার গঠন করতে চলেছে বিজেপি। ফলপ্রকাশের এখনও ২৪ ঘন্টা কাটেনি। তার মাঝেই তৃণমূলের প্রতি অসন্তোষ প্রকাশ করে মনোজের দাবি, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলে তিনিবিস্মিত হননি। তাঁর কথায় ‘গোটা দল দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, কোনও উন্নয়ন না করে দুর্নীতির রাজনীতি করলে এই ধরনের ফলাফল হয়।’ অব হিযোগের সুরে তিনি বলেন, ‘তৃণমূল প্রচুর টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে। অন্তত ৭০ জন ৫ কোটি টাকা দিয়ে টিকিট কিনেছেন।’ তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রীর দাবি, তাঁর কাছ থেকেও পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছিল টিকিট দেওয়ার জন্য। কিন্তু সেই প্রস্তাবে তিনি রাজি হননি।
উল্লেখ্য, শাসক ও বিরোধী পক্ষ নির্বাচনে চমক দেওয়ার জন্য ক্রীড়া জগত ও বিনোদন দুনিয়ার ব্যক্তিদের ভোটে প্রার্থী করে থাকে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও ব্যতিক্রম হয়নি। এ বারের ভোটে জোড়াফুল শিবির প্রার্থী করেছিল রাজ চক্রবর্তী থেকে শুরু করে সোহম চক্রবর্তীকে। কিন্তু তাঁরা কেউই জয় ছিনিয়ে আনতে পারেননি। এমনকি ভবানীপুর কেন্দ্রে পরাজিত হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মনোজ তিওয়ারিকে টিকিট দিয়েছিলেন। জয়ী হওয়ার পর তাঁকে রাজ্যের মন্ত্রীও করেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মঙ্গলবার বিস্ফোরক অভিযোগ করে কার্যত রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার।