স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের ব্যাটন দুই তারকা অ্যাথলিটের হাতে। জাপানের আইচি-নাগোয়ায় বসতে চলা ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে ভারতের জাতীয় পতাকা বহন করলেন জোড়া অলিম্পিক পদকজয়ী শুটার মনু ভাকের এবং ভারতের পুরুষ কবাড্ডি দলের অধিনায়র পবন সেহরাওয়াত।
ভারতীয় সময় দুপুর ২:৩০ থেকে ৪:৩০ মিনিটের মধ্যে বিশ্বের দরবারে প্যারেড অব নেশনসে ভারতীয় তেরঙ্গা হাতে অ্যাথলিটদের নেতৃত্ব দিলেন এই দুই তারকা।উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পুরুষ প্রতিযোগীরা পরেছিলেন কোর্ট-প্যান্ট। মহিলাদের পরনে ছিল শাড়ি। জাপানের রাজ পরিবারের উপস্থিতিতে হয় এশিয়ান গেমসের উদ্বোধন। রাজা নারুহিতো প্রতিযোগিতা শুরুর ঘোষণা করেন। এশিয়ার অলিম্পিক্স কাউন্সিলের সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি ও আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সভাপতি কার্স্টি কভেন্ট্রি উপস্থিত ছিলেন সেখানে। জাপানের জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রায় দু’ঘণ্টা ধরে চলে অনুষ্ঠান। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে জাপানের সংস্কৃতি তুলে ধরা হয়।