নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর: গুগল ম্যাপ দেখে রাস্তা খুঁজতে গিয়ে একেবারে খাদে! বাইক সমেত ৩০ ফুট গভীর খোলামুখ গর্তে পড়ে গুরুতর জখম হলেন এক যুবক। সূত্রের খবর, আহত অবস্থায় সারারাত গর্তের ভিতরেই পড়ে ছিলেন তিনি। অন্যদিকে বাড়ির লোকের খোঁজে গোটা এলাকা হন্যে হয়ে ঘুরল পরিবারের।
সূত্রের খবর, আহত যুবকের নাম প্রসূন ব্যানার্জি। বাড়ি কাঁকসার বসুধা এলাকায়। পেশায় কেবল অপারেটর। জানা গেছে, শুক্রবার রাতে কেবলের কাজে পাণ্ডবেশ্বরের একটি গ্রামে যাচ্ছিলেন প্রসূন। রাস্তা চিনতে ভরসা করেছিলেন গুগল ম্যাপকে। সেখানেই ঘটে কাণ্ড। পাণ্ডবেশ্বরে মহালক্ষ্মী নামে একটি খোলামুখ খনির কাজ চলছে, যার জেরে বহু পুরনো রাস্তাই এখন খনির আওতায়। ম্যাপে দেখানো একটি পিচ রাস্তা ধরে এগোতেই ঘটে বিপত্তি – হঠাৎ রাস্তার মাঝে থাকা বিশাল গর্তে বাইক-সহ হুড়মুড়িয়ে পড়ে যান যুবক।
এদিকে গভীর রাতেও ছেলে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান পরিবারের লোকজন। দাদা সুব্রত ব্যানার্জি জানান, বারবার ফোন করলে প্রসূন কখনও বলেন অজয় নদীর পাড়ে, কখনও দুর্গাপুরে, কখনও অন্য কোথাও! আঘাতের ঘোরে সঠিক জায়গাই বলতে পারছিলেন না তিনি।অবশেষে যুবকের লোকেশন ট্র্যাক করে তাঁকে শনাক্ত করা হয়। শনিবার সকালে মহালক্ষ্মী খনির একটি গর্ত থেকে যুবককে উদ্ধার করে পরিবার। উদ্ধারকাজে হাত লাগায় খনি কর্তৃপক্ষ, প্রশাসন ও স্থানীয়রা।
শেষ পর্যন্ত পোকলেন মেশিন নামিয়ে গর্ত থেকে তোলা হয় আহত প্রসূন ও তাঁর বাইকটি। বর্তমানে তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।