ওঙ্কার ডেস্ক: ফের ভারত সফরে আসছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁর মুম্বই ও জামনগর সফরের কথা রয়েছে। সূত্রের খবর, এই সময়ে সরকারি আধিকারিকদের পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। আলোচনার কেন্দ্রে থাকতে পারে জ্বালানি সহযোগিতা, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং বাণিজ্যিক বিনিয়োগ। মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, চলতি বছরে এটি রুবিওর দ্বিতীয় ভারত সফর।
মার্কিন বিদেশ দফতরের বিবৃতি অনুযায়ী, ভারতীয় আধিকারিকদের সঙ্গে আলোচনায় দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পেতে পারে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পথ খোঁজার বিষয়টিও আলোচনায় আসতে পারে। বাণিজ্যিক বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন রুবিও। তবে দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা ফের পিছিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন বিদেশসচিবের ভারত সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ।
উল্লেখ্য, রাশিয়া থেকে ভারতের জ্বালানি আমদানি নিয়েও ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে মতপার্থক্য রয়েছে। রুশ জ্বালানি কেনে, এমন দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার একটি প্রস্তাবিত আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার উপর চাপ বাড়াতে চাইছে আমেরিকা। ২০২৬ সালের গোড়ায় রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ কিছুটা কমিয়েছিল নয়াদিল্লি। কিন্তু পরে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় সেই আমদানি আবার বেড়েছে।