ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্যসরকার। তার মধ্যে নতুন প্রকল্প শুরু হতে চলেছে হলদিয়ায়। পূর্ব মেদিনীপুরের এই শিল্পাঞ্চলে প্রায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চলেছে অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড। সংস্থাটি হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ সহযোগী প্রতিষ্ঠান। বুধবার এই প্রকল্পের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
চতুর্থীর সকালে রাজারহাট-গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির উদ্যোগে তেলিয়াপুকুর সর্বজনীনের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি হলদিয়ার নতুন প্রকল্পের কথা জানান। শুভেন্দু বলেন, রাজ্যে শিল্পের অগ্রগতি থামানো যাবে না। পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। তাঁর দাবি, হলদিয়ায় বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা এ বার বাস্তবায়িত হতে চলেছে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের উৎপাদন ব্যবস্থায় ফেনল ও অ্যাসিটোন গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন শিল্পে প্রয়োজনীয় এই রাসায়নিক এখানেই তৈরি হয়। তবে সংস্থাটির বড় শক্তি শুধু উৎপাদন নয়। একই পরিকাঠামোর মধ্যে উৎপাদন, প্যাকেজিং ও বণ্টনের ব্যবস্থা রয়েছে। এই সমন্বিত উৎপাদন ব্যবস্থা শিল্পক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়। এর সুফল পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্যান্য শিল্পাঞ্চলও পেয়ে থাকে।
নতুন প্রকল্পের মাধ্যমে ফেনল ও অ্যাসিটোন উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রকল্পে বছরে ৩৪৫ কেটিপিএ ফেনল এবং ২১৫ কেটিপিএ অ্যাসিটোন উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। কেটিপিএ অর্থাৎ বছরে হাজার টন উৎপাদনক্ষমতা। নতুন কারখানায় বিশেষভাবে অ্যাসিটোন উৎপাদনের উপর জোর দেওয়া হবে। নতুন উৎপাদন কেন্দ্র চালু হলে একাধিক শিল্পক্ষেত্রে রাসায়নিক সরবরাহের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। ওষুধশিল্প, গাড়ি নির্মাণ, ইলেকট্রনিক্স এবং রং তৈরির মতো ক্ষেত্রে এই রাসায়নিকের চাহিদা রয়েছে। উন্নত মানের রাসায়নিকের জোগান বাড়লে বিদেশি সরবরাহের উপর নির্ভরতা কমানোর পথও তৈরি হতে পারে।