প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত গণপতিনগরে দুষ্কৃতীদের হামলায় প্রায় চল্লিশটি কালী প্রতিমা ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। শুক্রবার গভীর রাতে হলদিয়া-মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে উত্তর নারকেলদা হাটের কাছে মৃৎশিল্পী অনিল চাকড়ার প্রতিমা তৈরির কারখানায় দুষ্কৃতীরা হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, সেখানে কালী ও লক্ষ্মী প্রতিমা তৈরি হচ্ছিল। সেই কারখানায় ঢুকে একাধিক প্রতিমা ভেঙে ফেলে দুষ্কৃতীরা। ভাঙচুরের সংখ্যা প্রায় চল্লিশ বলে জানিয়েছেন অভিযোগকারী।
এলাকায় মৃৎশিল্প নির্ভর বহু পরিবার প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত। দুর্গাপূজার পরই যেখানে লক্ষ্মী পূজা এবং পরে কালীপূজা সামনে, সেই সময়ে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত ছিলেন শিল্পীরা। এই অবস্থায় এমন হামলার ঘটনায় শিল্পী পরিবারগুলির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধে।
শনিবার সকালে ঘটনার প্রতিবাদে জাতীয় সড়কের পাশে নিমতৌড়ির ডিএম অফিসের সামনে পথ অবরোধ করে বিশ্ব হিন্দু পরিষদ। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ ও বিক্ষোভ চলতে থাকে। এর ফলে হলদিয়া-মেছেদা সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছাড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। পশ্চিমবঙ্গ বিজেপি তাদের এক্স-এ পোষ্ট করে লিখেছে, “বাংলাদেশের মতই পশ্চিমবঙ্গেও হিন্দু দের বিশ্বাসের উপর আঘাত হানা হচ্ছে। ” বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেছে, “রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে না সরাতে পারলে বাঙলার বাইরেও এমন দৃশ্য দেখা যাবে”।
এ ঘটনায় এলাকায় এখনও চাপা আতঙ্ক বিরাজ করছে। প্রতিমা ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় মহলে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
