মেয়ের সামনেই বাবাকে খুনের চেষ্টার অভিযোগে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযোগ, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বিজেপি কর্মীকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তির নাম সিরাজুল চাপরাশী। বারুইপুর পূর্ব বিধানসভার হাড়দা এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত তিনি।অভিযোগ অনুযায়ী, রবিবার রাতে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন সিরাজুল। সেই সময় তাঁর পথ আটকায় নাজিম মোল্লা ও শফিক ফকির নামে দুই ব্যক্তি। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই আগ্নেয়াস্ত্র বের করে সিরাজুলের মাথায় ঠেকায় তারা। আতঙ্কে সিরাজুল ও তাঁর মেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। তখনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।
সিরাজুলের দাবি, বিজেপি করার কারণে এর আগেও দু’বার তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। তাঁর আরও অভিযোগ, হাড়দা অঞ্চলের পঞ্চায়েত প্রধানের স্বামী সিরিফ হোসেন লস্কর একটি চক্র চালান, তার প্রতিবাদ করেছিলেন বলেই তাঁকে টার্গেট করা হয়েছে। যদিও অভিযুক্ত নাজিম ও শফিকের কোনও রাজনৈতিক পরিচয় আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রশ্ন, পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে সরব হওয়াতেই কি এই হামলা? পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। খুনের চেষ্টার নেপথ্যে ঠিক কী কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।