ওঙ্কার ডেস্ক: চাঞ্চল্যকর ঘটনা উত্তরাখণ্ডের হরিদ্বারে। সে রাজ্যের পাথরেশ্বর মহাদেব মন্দির চত্বর থেকে দুই সাধুর পুঁতে রাখা দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তে অনুমান, তাঁদেরকে খুন করে মাটি চাপা দিয়েছিল অভিযুক্তরা। পাথরি থানা এলাকার একটি জঙ্গল থেকে দুজনের দেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে জোড়া হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসার পর তদন্তও শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত দুই সাধুর পরিচয় শনাক্ত হয়েছে। সন্দেহভাজন হিসেবে মন্দিরের প্রধান পুরোহিত ও আরও কয়েক জনকে তালিকাভুক্ত করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে তাদের খোঁজে তৎপরতা শুরু করেছে পুলিশ। হরিদ্বারের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নবনীত সিং ভুল্লার জানিয়েছেন, মন্দিরের সঙ্গে যুক্ত এক ব্যক্তি পুলিশকে জানান, সেখানে বসবাসকারী দুই সাধু নিখোঁজ হয়েছেন। তার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ব্যক্তি আরও জানান, তিনি মন্দিরের কাছে দুজনকে গর্ত খুঁড়তে দেখেছিলেন। কোনও খারাপ উদ্দেশে সেটি করা হচ্ছে বলে তাঁর সন্দেহ হয়েছিল। তিনি আরও দাবি করেন, আগের রাতে মন্দিরে কয়েকজন মদ্যপান করেছিলেন। সেখানে বচসাও হয়েছিল, যার ফলে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। খবর পাওয়ার পর তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মাটি সরিয়ে দুই সাধুর মৃতদেহ উদ্ধার করেন তদন্তকারীরা। ইতিমধ্যে একটি ফরেনসিক দলকে ডেকে ঘটনাস্থলের নিরীক্ষা করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এসএসপি ভুল্লার জানান, মন্দির চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তকারীরা ওই ফুটেজের সাহায্যেই সন্দেহভাজনদের শনাক্ত করতে পেরেছেন। যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।