ওঙ্কার ডেস্ক: রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। এই পদের মর্যাদা ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। নবান্নের তরফে ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দায়িত্বে থাকবেন মিঠুন চক্রবর্তী। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সই করা নির্দেশিকায় নিয়োগের বিষয়টি জানানো হয়েছে নবান্নের তরফে। উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক সভা করেছিলেন মিঠুন চক্রবর্তী। প্রচারের মাঝে তীব্র গরমে অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি। তবু রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গিয়েছেন। বর্তমানে তিনি বিজেপির কেন্দ্রীয় সমিতির সদস্য। সম্প্রতি নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে মিঠুনকে সাংস্কৃতিক উপদেষ্টা করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার নবান্নের বিজ্ঞপ্তিতে সেই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করা হল।
বর্তমানে একটি কাজে আলিপুরদুয়ারে রয়েছেন মিঠুন। সেখান থেকেই নতুন দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মিঠুনের কথায়, দায়িত্ব পালনে সবরকম চেষ্টা করবেন। ‘সোনার বাংলা’ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়িত করার লক্ষ্যেই কাজ করবেন বলেও জানিয়েছেন অভিনেতা। বাংলার চলচ্চিত্র জগতের সঙ্গে মিঠুন চক্রবর্তীর সম্পর্ক দীর্ঘদিনের। অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের বহু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। উত্তমকুমারের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষেত্রেও তাঁর পরামর্শ নেওয়া হয়েছিল।