ওঙ্কার ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আনতে হবে, এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। পাক-অধিকৃত কাশ্মীরকে তিনি ভারত নামক একটি বাড়ির ঘর বলে অভিহিত করেছেন। তাঁর কথায়, পাক অধিকৃত কাশ্মীর এমন একটি ঘর যেখানে অপরিচিতরা প্রবেশ করেছে। এই ঘরটি ফিরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন ভাগবত। মধ্যপ্রদেশের সাতনায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাভাবিক ভাবে সরসঙ্ঘ চালকের এই মন্তব্য প্রশংসা কুড়িয়েছে উপস্থিত দর্শকদের মধ্যে।
বিজেপির আদর্শগত মেন্টর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান ভাগবত দর্শকদের সামনে বলেন, ‘অনেক সিন্ধি ভাই এখানে বসে আছেন। আমি খুব খুশি। তাঁরা পাকিস্তানে যাননি; অবিভক্ত ভারতে গিয়েছিলেন তাঁরা। পরিস্থিতি আমাদের সেই বাড়ি থেকে এখানে পাঠিয়েছে কারণ সেই বাড়ি আর এই বাড়ি আলাদা নয়।’ তিনি আরও বলেন, ‘পুরো ভারত একটি বাড়ি, কিন্তু কেউ আমাদের বাড়ির একটি ঘর সরিয়ে নিয়েছে যেখানে আমার টেবিল, চেয়ার এবং পোশাক রাখা হত। তারা এটি দখল করে নিয়েছে। আগামী দিনে, আমাদের এটি ফেরাতে হবে…।’
উল্লেখ্য, পাকিস্তান সরকারের বিরুদ্ধে সম্প্রতি উত্তাল হয়েছে পাক অধিকৃত কাশ্মীর। এখনও উত্তেজনা জারি রয়েছে। সেই আবহে আরএসএস প্রধানের এই মন্তব্য সামনে এলো। অর্থনৈতিক সহায়তা এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন পাক অধিকৃত কাশ্মীরে। গত তিন দিনে, পাকিস্তানি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। শুধুমাত্র ধীরকোটে (বাগ জেলা) চার জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছেন, এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ, দাদিয়াল (মিরপুর) এবং কোহালার কাছে চামিয়াতিতেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
