ওঙ্কার ডেস্কঃ ভোটার তালিকায় চার লক্ষের বেশি ভোটারের নথিকে ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত করেছেন মাইক্রো অবজার্ভারেরা। এর আগে জানা গিয়েছিল, এসআইআর শুনানিতে প্রায় সাত লক্ষ ভোটার হাজিরাই দেননি। অর্থাৎ, ১০ লক্ষের বেশি ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে বলে সূত্রের খবর। আর যে ৪ লক্ষের বেশি ভোটারের নথিকে ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত করা হয়েছে, সে সমস্ত নাম ইতিমধ্যেই নির্বাচন কমিশনে পাঠানো হয়ে গিয়েছে।
মৃত, অনুপস্থিত, নিখোঁজ ভোটার হিসাবে ৫৮ লক্ষকে চিহ্নিত করেছিল কমিশন। এ বার শুনানিপর্বে আরও ১০ লক্ষকে চিহ্নিত করা হল। সূত্রের খবর, নথি যাচাইয়ের পর ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জনের নথিকে ‘অযোগ্য’ বলে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া, জেলাশাসকদের কাছে এখনও ৪ লক্ষ ৬৬ হাজার ৩২৩টি নথি পড়ে আছে। সেগুলি যাচাই করা বাকি। অন্যদিকে, অন্তত ৩০ লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের জন্য ইআরও এবং এইআরও কাছে পাঠিয়েছেন মাইক্রো অবজার্ভারেরা। কমিশন সূত্রে খবর, প্রায় ২০ লক্ষ ভোটারের নথি নিয়ে এখনও কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি। আধিকারিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে কমিশন। ভোটারদের নথি যাচাইয়ের সময় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। তার মধ্যে কাজ শেষ না-হলে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন আরও পিছিয়ে যেতে পারে।
