ওঙ্কার ডেস্ক: টাকা পেলেই নেশা করত ছেলে। তাই বৃদ্ধ বাবা বিরক্ত হয়ে ছেলেকে টাকা দিতে অস্বীকার করেন। আর টাকা দিতে না চাওয়ায় বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল গুণধর ছেলে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের শুকদেবপুর গ্রামে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হরেন্দ্রনাথ বৈদ্য (৬৫)। অভিযুক্ত ছেলের নাম সুপ্রিয় বৈদ্য। ২৭ বছর বয়স তাঁর। শনিবার সুপ্রিয় তাঁর বৃদ্ধ বাবার কাছে টাকা চায়। কিন্তু ছেলেকে হরেন্দ্রনাথ টাকা দিতে অস্বীকার করেন। কারণ ছেলে টাকা নিয়ে আবার নেশার দ্রব্য কিনতে পারেন বলে সন্দেহ করেন বৃদ্ধ। আর এর পরেই বাবার রেগে যায় সুপ্রিয়। ধারালো অস্ত্র নিয়ে এসে বাবাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। মাথায় ও শরীরে গুরুতর আঘাত লাগে বৃদ্ধের। প্রতিবেশীরা ঘটনার বিষয়ে জানতে পেরে পুলিশকে খবর দেন। রাতে পুলিশ এসে হরেন্দ্রনাথকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত সুপ্রিয়কে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। সুপ্রিয় বৈদ্যকে রবিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে।’
