নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: মোহনপুরে স্বামীকে খুনের হুমকি দেওয়ার অডিও ও ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক বিরিয়ানির দোকানের মালিক ও মোহনপুর পঞ্চায়েতের সদস্য অর্নিবান দাস।
অভিযোগ, অর্নিবান দাসের স্ত্রী সোভনা দাস এবং তাঁর প্রাক্তন গাড়িচালক শমির সেনের মধ্যে একটি কথোপকথনের অডিও ও ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এক মহিলাকে ফোনে বলতে শোনা যাচ্ছে—“আমার নামে কেস করলে গুলি করে মার্ডার করে দেব। ছয় মাসের জেল হলেও তিন মাসেই বেরিয়ে আসব।” অর্নিবান দাসের দাবি, যাঁকে ‘জিৎ’ নামে খুন করার কথা বলা হচ্ছে, সেই ব্যক্তি তিনিই। তাঁর অভিযোগ, স্ত্রী সোভনা দাস ও শমির সেন মিলে তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, তাঁদের সন্তানদের তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং দেখা করতে চাইলে মারধর করা হচ্ছে বলেও অভিযোগ। এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজও প্রকাশ্যে এসেছে, যেখানে শিশুদের মারধরের দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি।
অর্নিবান দাস আরও অভিযোগ করেন, তাঁর স্ত্রী ও শমির সেন তাঁর স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে টাকা তুলছে এবং তাঁর নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকেও অর্থ আদায় করছে। এতে তাঁর আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি। এই ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কার কথা জানিয়েছেন অর্নিবান দাস। তিনি বলেন, “আমার স্ত্রী ও শমির সেনের কথাবার্তা শুনে মনে হচ্ছে আমার এবং আমার পরিবারের প্রাণনাশের পরিকল্পনা করা হচ্ছে। আমার সন্তানদের নিয়েও আমি ভীষণ চিন্তিত।”
সমস্ত অভিযোগের ভিত্তিতে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ভাইরাল হওয়া অডিও ও ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে এবং অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে মোহনপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা উচিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
