নিজস্ব প্রতিনিধি, নদিয়া : পুজোর আগে বড় ধরনের ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। হাতেনাতে পাঁচ ডাকাত দলকে ধরে ফেলল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার সাঁড়াশি, ধারালো চপার, লাইলন দড়ি সাফল এবং স্ক্রু ড্রাইভার। অভিযুক্ত ডাকাতদের নাম আব্দুর সাত্তার শেখ, আনোয়ার ঘরামী, হাফিজুল শেখ শওকত শেখ ও শাহজাহান মল্লিক। আজ অভিযুক্তদের রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।
প্রশাসন সূত্রের খবর, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আছে গতকাল গভীর রাতে প্রায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। সেই খবর পাওয়া মাত্র শান্তিপুর থানার একটি পুলিশ টিম শান্তিপুর ১২ নম্বর জাতীয় সড়কের বাবলা কেসিসি কোম্পানি সংলগ্ন এলাকায় হানা দেয়। পুলিশকে দেখে আচমকা কয়েকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল থেকেই ৫ জনকে হাতেনাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্রসহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার হয়। এরপরই তাদের জিজ্ঞাসাবাদ করাতে নিজেদের দোষ স্বীকার করে নেয়।
অভিযুক্ত ডাকাতদের বাড়ি শান্তিপুর থানা এলাকার আড়পাড়া এবং পাঁচপোতা এলাকায়। পুলিশ সূত্রে খবর ওই ডাকাত দল আড়পাড়া এলাকার বিভিন্ন নামি ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসায়ীর বাড়ি ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে এই ডাকাত দল পূর্বে কোন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে কিনা তাও জানার চেষ্টা করেছে পুলিশ। তবে এদের সাথে আর কারা কারা জড়িত এবং কি উদ্দেশ্য বা পরিকল্পনা ছিল তাদের সমস্তটাই তদন্ত করে দেখছে পুলিশ।