নিজস্ব প্রতিনিধি : আত্মীয়ের মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে নগর বেরুবাড়ি এলাকার সিঙ্গিমারি এলাকায়। মৃত যুবকের নাম মনোজিৎ রায়। বয়স আনুমানিক 28বছর। তাঁর বাড়ি গরালবাড়ি এলাকায়।
জানা গিয়েছে, গতকাল রাতে আত্মীয়ের মৃতদেহ সৎকারের পর বাইকে করে বাড়ি ফিরছিলেন মনোজিৎ। স্থানীয়দের দাবি, সেই সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। বাড়ি ফেরার পথে কোনও একটি জায়গায় তাঁর বাইক দুর্ঘটনার কবলে পড়ে। এরপর বাইক থেকে ছিটকে পড়ে চা-বাগানের মধ্যে পড়ে যান তিনি। রাতভর সেখানেই পড়ে থাকার পর সকালে এক ব্যক্তি চা-বাগানের মধ্যে একটি বাইক পড়ে থাকতে দেখেন। পরে বাইকের পাশে মনোজিৎ রায়ের মৃতদেহ দেখতে পান তিনি।
খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানোর সময় দুর্ঘটনার জেরেই এই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই স্পষ্ট হবে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।