নীলয় ভট্টাচার্য , নদিয়া : সামান্য একটি বাদামের খোলার ওপরে মাত্র ১২ মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে নজির গড়লেন নবদ্বীপের চিত্রশিল্পী ও অঙ্কন শিক্ষক গৌতম সাহা।
শিল্পীর ক্ষুদ্র শিল্পকর্মে মাটি ও রঙ ব্যবহার করে মা সরস্বতীর মূর্তি গড়েছেন গৌতম সাহা। উচ্চতায় মাত্র ১২ মিলিমিটার। আগেও তিনি ধান, মুগডালা, চাল ও চকের উপর দেবদেবী ও মনিষীদের মূর্তি তৈরি করেছেন। তবে এবার নিজের রেকর্ড ভেঙে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
৫৭ বছর বয়সি এই শিল্পী জানান, করোনাকাল থেকে তিনি এই ক্ষুদ্রাকৃতি শিল্পচর্চা শুরু করেন। পরে তা যেমন তাঁর মানসিক অবসাদ দূর করেছে, তেমনি এটা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এর জন্য এখনও পর্যন্ত তিনি কোনো আর্থিক সহায়তা না পেলেও তাঁর আশা, একদিন না একদিন তাঁর এই কাজ কোনও সংগ্রহশালা বা প্রদর্শনিতে স্থান পাবে। আগ্রহীরা শিখতেও পারবেন।

নবদ্বীপ, শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে পরিচিত। আর এই শহরের এক কোণে থাকা গৌতম সাহার এই সৃষ্টি যেন প্রদীপের আলোয় ভেসে ওঠা অন্ধকারের মধ্যে একটি দীপ্তিময় নিদর্শন। শিল্পীর পরবর্তী লক্ষ্য আরও নতুন ও অনন্য ক্ষুদ্র শিল্পকর্ম তৈরি করা। শিল্পী গৌতম সাহার এই শিল্পকর্ম বহুল প্রসংসা লাভ করছে সমাজ মাধ্যমে।
