ওঙ্কার ডেস্ক: নাগাল্যান্ডে বিষমদের বলি ১৯। বিষ মদ পান করে দু’দিনে দুই জেলায় প্রাণ হারিয়েছেন এই ১৯ জন। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এখনও অসুস্থ বেশ কয়েক জন। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদেরকে। ইতিমধ্যে তদন্তে নেমে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে আট জন মোকোকচুং জেলার বাসিন্দা। তুয়েনসাং জেলায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের ঘটনার তদন্তে ইতিমধ্যেই ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক আধিকারিক এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। সংবাদসংস্থা সূত্রে এই মৃত্যুর খবর জানা গিয়েছে।
নাগাল্যান্ডে মদ নিষিদ্ধ করার আইন রয়েছে। ১৯৮৯ সালে এই সংক্রান্ত আইন আনা হয়েছিল। পরের বছর, অর্থাৎ ১৯৯০ সালের এপ্রিল থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়। তার পরেও কী ভাবে রাজ্যে বেআইনি মদের কারবার চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মদ কোথা থেকে আসছে, কারা তা সরবরাহ করছে, এখন সেই সূত্র খুঁজছে পুলিশ। তদন্তের পাশাপাশি শুরু হয়েছে জোরদার অভিযান। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৩০০০ হাজার মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া মদের নমুনা পাঠানো হয়েছে গুয়াহাটির ফরেনসিক গবেষণাগারে।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ফরেনসিক রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে। তাঁর দাবি, মদের সরবরাহের উৎস সম্পর্কে একটি সূত্র পাওয়া গিয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি। দুই জেলায় পর পর মৃত্যুর ঘটনায় উদ্বেগ বেড়েছে।