ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদল করা হল। নতুন নাম রাখা হয়েছে ‘নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর’। শুক্রবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সে রাজ্যের মন্ত্রিসভা নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
চলতি বছরের ২৮ মার্চ এই বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ১৫ জুন বিমানবন্দরে প্রথম বিমান অবতরণ করে। লখনউ থেকে আসা ইন্ডিগোর একটি বিমান সেখানে নামে। জেওয়ার বিমানবন্দরকে আধুনিক বহুমুখী পরিবহণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। বিমান পরিষেবার পাশাপাশি সড়কপথ-সহ বিভিন্ন পরিবহণ ব্যবস্থার সঙ্গে এর সংযোগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যাত্রীদের উন্নত মানের পরিষেবা দেওয়ার পাশাপাশি বিমানবন্দর ও পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাও রাখা হয়েছে।
আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে বিমানবন্দরটিকে সুরক্ষিত রাখার পরিকল্পনা রয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে যাত্রীদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষার উপর। জেওয়ার বিমানবন্দরের একমাত্র রানওয়ের দু’প্রান্তেই ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস বসানো হয়েছে। এর ফলে বাতাসের গতিপ্রকৃতি অনুযায়ী বিমান রানওয়ের যে কোনও দিক থেকে অবতরণের জন্য এগোতে পারে। এই প্রযুক্তি বিমান অবতরণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে মত ওয়াকিবহাল মহলের।