ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিরোধীরা প্রায়ই খোঁচা দেন। অর্থ খরচ নিয়ে অনেকে সমালোচনাও করেন। গত সাড়ে পাঁচ বছরে নরেন্দ্র মোদীর বিদেশ সফরে কত খরচ হয়েছে তা জানতে চেয়েছিলেন সিপিএম সাংসদ ভি শিবদাসন। তাঁর প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের গোড়া থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ হয়েছে ৫৫৭ কোটি ৫১ টাকা। এই সময়পর্বে তিনি মোট ৭৭টি দেশে সফর করেছেন।
সিপিএম সাংসদ ভি শিবদাসন জানতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী মোদী যে বিদেশ সফরে যান, সেই সময়ে তাঁর হোটেল থাকা, যাতায়াত-সহ নানাবিধ খরচ কত হয়েছে। বৃহস্পতিবার সেই প্রশ্নের লিখিত জবাব দেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। তিনি সংসদে জানান, গত পাঁচ বছরে ৭৭টি দেশে সফর বাবদ প্রধানমন্ত্রীর খরচ হয়েছে ৫৫৭ কোটি ৫১ টাকা। এ ছাড়া বিদেশ সফরের ফলে ভারতের বাণিজ্য খাতে কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়টিও তুলে ধরেন ওই মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী বিদেশ সফরগুলি ও পরবর্তী মউ স্বাক্ষরের ফলে বিভিন্ন ক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্বকে শক্তিশালী করেছে বলেও জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী।
৩৫ পাতার লিখিত জবাবে রাজ্যসভায় তিনি বলেন, ‘২০২১ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ভারতে এসেছে ৩৮১.৮ বিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। ২০২১ সালে প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরে ৩৬ কোটি ১০ লক্ষ টাকা, ২০২২ সালে ৫৫ কোটি ৮০ লক্ষ টাকা, ২০২৩ সালে ৯৩ কোটি ৬০ লক্ষ টাকা, ২০২৪ সালে ১০৯ কোটি ৫০ লক্ষ টাকা এবং ২০২৫ সালে ১৮৭ কোটি টাকা ৮০ লক্ষ টাকা এবং ২০২৬-এর জুলাই পর্যন্ত ৭৪ কোটি ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে সরকারের।’