ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। এই আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ক্ষণ ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী নিজেই এ কথা জানিয়েছেন সমাজ মাধ্যমে।
শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুব ভাল এবং বিস্তারিত কথা হয়েছে। ইউক্রেন সম্পর্কে সর্বশেষ বিস্তারিত তথ্য ভাগ করে নেওয়ার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের দ্বিপাক্ষিক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছি এবং ভারত-রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। আমি এই বছরের শেষের দিকে ভারতে রাষ্ট্রপতি পুতিনকে আতিথ্য দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’
উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার জন্য যখন ভারতকে চাপে ফেলার চেষ্টা করছেন ট্রাম্প। সেই সময় রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে মোদী সরকার। ট্রাম্পের হুমকি ধুমকি যে খুব একটা পাত্তা দিচ্ছে না নয়াদিল্লি, তা বুঝিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সম্প্রতি বলেছেন, কৃষক, পশুপালকদের স্বার্থ দেশের কাছে সবার আগে। দিল্লিতে এমএস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মোদী বলেন, ‘কৃষকদের স্বার্থ আমাদের কাছে সবার আগে। ভারত কখনই দেশের কৃষক, পশুপালনকারী এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। আমি জানি, এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য চোকাতে হবে, কিন্তু আমি তা চোকাতে প্রস্তুত আছি। দেশের কৃষক, মৎস্যজীবী এবং পশুপালকদের স্বার্থরক্ষায় ভারত সব সময় প্রস্তুত।’
