ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন। যার ফলে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ধাক্কা খেয়েছে। তবে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হল, ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যে চাপানো শুল্ক কমাতে পারে। শুল্ক কমিয়ে ১৫ থেকে ১৬ শতাংশ করা হতে পারে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, বুধবার ভোররাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই রাষ্ট্রনেতার কথোপকথনে শুল্ক হ্রাস নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে সংবাদ মাধ্যমের দাবি। ভারতীয় পণ্যে ওয়াশিংটনের তরফে চাপানো ৫০ শতাংশ শুল্ক কমিয়ে প্রায় ১৫ থেকে ১৬ শতাংশ হতে পারে বলে সুত্রের দাবি। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, দুই দেশই আলোচনার শেষ ধাপে রয়েছে। চলতি মাসের শেষের দিকে হতে চলা আসিয়ান সম্মেলনের আগেই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে বিষয়টি নিয়ে ওয়াশিংটন বা নয়াদিল্লি কোনও পক্ষের তরফে কিছু বলা হয়নি।
অন্য দিকে, বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে ফোন করেছিলেন। সেই ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রীকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড। এদিন এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার ফোন কল এবং দীপাবলির উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আলোর এই উৎসবে, আমাদের দুটি মহান গণতন্ত্র বিশ্বকে আশার আলোয় আলোকিত করুক। সব ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াক।’
