ওঙ্কার ডেস্কঃ দিল্লির রামলিলা ময়দান সংলগ্ন তুর্কমান গেট এলাকায় অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযানে বুধবার ভোরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়। পাথর ছোড়ার ঘটনায় অন্তত পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছেন।
দিল্লি হাই কোর্টের নির্দেশে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি, সাইয়েদ ফয়েজ এলাহি মসজিদ ও কবরস্থানের পাশে অবস্থিত জমিতে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানে প্রায় ৩০টি বুলডোজার ও ৫০টি ডাম্পার ব্যবহার করা হয়। সিনিয়র পুলিশ অফিসার নিধিন ভালসান জানান, “উচ্ছেদ চলাকালীন ২৫–৩০ জন স্থানীয় বাসিন্দা পুলিশ ও MCD কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ে। পালটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও টিয়ার গ্যাস ছোড়ে। তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সূত্রে খবর, এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। ১০০-র বেশি ভিডিও ফুটেজ খতিয়ে দেখে আরও অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। আহত পুলিশ ও MCD কর্মীদের বয়ানের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে।
দিল্লি হাই কোর্ট ২০২৫ সালের নভেম্বরে MCD ও PWD-কে তুর্কমান গেটের কাছে রামলিলা গ্রাউন্ডে প্রায় ৩৮,৯৪০ বর্গফুট জমি দখলমুক্ত করার নির্দেশ দেয়। MCD জানিয়েছে— ০.১৯৫ একর জমিতে অবস্থিত মসজিদের উপর কোনও পদক্ষেপ করা হচ্ছে না। তার বাইরে থাকা রাস্তা, ফুটপাত, ‘বারাত ঘর’, পার্কিং এলাকা ও একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার অবৈধ।
