অর্পিতা মুখার্জী, কলকাতা: উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ভয়াবহ তুষারঝড়ের কবলে বাঙালি অভিযাত্রীদের দল। নিখোঁজ ৮ জন, যার মধ্যে ৫ জনই বাঁকুড়ার বাসিন্দা। তাঁদের খোঁজে দুর্গম পাহাড়ে হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালাচ্ছে উত্তরাখণ্ড প্রশাসন।
জানা গিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে গঙ্গোত্রীতে পৌঁছায় ৮ জনের দলটি। দলে ছিলেন বাঁকুড়ার শালবনি গ্রামের তাপস বাউরি, রতন ঘোষ, রিন্টু মণ্ডল, উদয় ঘোষ এবং কেশরা গ্রামের মনোজ খাওয়াস। বাকি তিনজন উত্তরপ্রদেশের লখনউয়ের দুজন এবং উত্তরকাশির একজন। গঙ্গোত্রী থেকে কেদারতাল পর্যন্ত ট্রেকিং করার পরিকল্পনা ছিল তাঁদের।
তাঁদের সঙ্গে ছিলেন শেরপা ও সহকারী মিলিয়ে আরও ৪ জন। ৩০ অক্টোবর তাঁরা কোনওরকমে পাহাড় থেকে নেমে এসে জানান, মূল ৮ জনের দলটি তুষারঝড়ে আটকে পড়েছে। তারপরই উদ্ধারকাজে নামে প্রশাসন। গত দুদিন ধরে উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভলপমেন্ট অথরিটির হেলিকপ্টারের সাহায্যে SDRF তল্লাশি চালালেও এখনও কারও খোঁজ মেলেনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উচ্চ হিমালয়ে আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হওয়ায় উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে।
এদিকে পরিবারগুলিতে উদ্বেগ বাড়ছে। নিখোঁজ রিন্টু মণ্ডলের দাদা সিন্টু মণ্ডল বলেন, ভাইয়ের পাহাড়ে চড়ার নেশা আছে, প্রতি বছর পুজোর সময় বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ে। গত সোমবার শেষ কথা হয়েছিল, তারপর থেকে ফোন বন্ধ। নিখোঁজ তাপস বাউরির বাবা লালমোহন বাউরি বলেন, ছেলে বলেছিল কালীপুজোর আগেই ফিরবে, এখন পুলিশ এসে বলছে কোনও খোঁজ নেই।