ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের আগ্রায়। দ্রুতগতি সম্পন্ন এসইউভি গিয়ে ধাক্কা মারল সোজা পাঁচিলে। যার ফলে মৃত্যু হল তিন জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও তিন জন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রবল গতিতে গাড়িটি চলছিল। আচমকা সেটি প্রথমে রাস্তায় একটি বাইককে ধাক্কা মারে। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে আছড়ে পড়ে পাঁচিলে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, দুর্ঘটনার সময় তিনি রাস্তার ধারে দোকানে ছিলেন। তিনি দেখেন গাড়িটি প্রবল গতিতে গিয়ে পাঁচিলে ধাক্কা মারে। সেই ধাক্কার সময় প্রচণ্ড শব্দ হয়। এই দৃশ্য দেখে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসেন। উদ্ধারকাজে হাত লাগান তাঁরা। গাড়ির ভিতর থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় যাত্রীদের। তিনি বলেন, ‘গাড়ির ভিতর থেকে বের করা হয় আহতদের। গুরুতর অবস্থায় তাঁদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এক পুলিশ আধিকারিক জানান, ধাক্কার অভিঘাতে গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। জানলার কাচ ভেঙে গিয়েছে। গাড়ির হেডলাইট ও অন্যান্য যন্ত্রাংশ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। অন্য দিকে, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা চালককে বেধড়ক মারধর করে। যদিও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
