ওঙ্কার ডেস্ক: নিয়ম মেনে যাত্রীদের লাগেজ পরীক্ষা করছিলেন বিমানবন্দরের নিরীক্ষণ কর্মীরা। কিন্তু আচমকা ভরা বিমানবন্দরে গুলি চালালেন এল যাত্রী। যার ফলে দুই কর্মী জখম হয়েছেন। রবিবার এই ঘটনা ঘটেছে বারাণসী বিমানবন্দরে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বারাণসী এয়ারপোর্ট ডিরেক্টরের তথ্য অনুযায়ী, রবিবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট আইএক্স ১৮১০-তে চেপে মুম্বই যাচ্ছিলেন ওই যাত্রী, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। অস্ত্র পরীক্ষার সময় অসাবধানতাবশত তাঁর বন্দুক থেকে এক রাউন্ড গুলি চলে। যার ফলে এএআইসিএলএএস-এর দুই নিরীক্ষণ কর্মী জখম হন।
রিপোর্ট অনুসারে, ঘটনাটি ঘটে ১৬ আগস্ট সকাল সাড়ে ৯টা নাগাদ। উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা কমলেশ রাই নামের ওই যাত্রী নিজের কাছে অস্ত্র থাকার কথা জানিয়েছিলেন। পরবর্তীতে পরীক্ষার সময় ওই যাত্রী ভুলবশত এক রাউন্ড গুলি চালান। যার ফলে দুই কর্মী জখম হন। জানা গেছে, বন্দুকটির বৈধ লাইসেন্স ছিল। বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, আহত দুই নিরীক্ষণ কর্মীর মধ্যে এক মহিলা ও এক পুরুষ। এক জনের পায়ে গুলি লেগেছিল অন্য জনের হাতে গুলি লাগে। দুজনকে চিকিৎসার জন্য নিউ লক্ষ্মী ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।
বারাণসী বিমানবন্দরের ডিরেক্টর এক বিবৃতিতে বলেন, ‘১৬.০৮.২০২৬ তারিখে সকাল সাড়ে ৯টার দিকে, ফ্লাইট IX-1810-এ করে মুম্বাই যাওয়ার পথে এক যাত্রী তাঁর স্ত্রীর সাথে ছিলেন এবং তিনি ফ্লাইটে অস্ত্র থাকার কথা জানান। অস্ত্র পরীক্ষার সময় ওই যাত্রী এক রাউন্ড গুলি চালান, যাতে AAICLAS-এর দুজন কর্মী আহত হন। চিকিৎসার জন্য তাঁদের দুজনকে নিউ লক্ষ্মী ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে।’