ওঙ্কার ডেস্ক: রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি অব্যাহত। নিম্নচাপের প্রভাবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় জারি হয়েছে লাল সতর্কতাও। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া খারাপ থাকার কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। যার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিন কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। দিনের বিভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক এলাকায়। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।