ওঙ্কার ডেস্কঃ রাম মন্দিরে দান চুরি নিয়ে উত্তাল দেশ। এবার রাম মন্দিরের চুরি নিয়ে বিস্ফোরক মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্ট। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পরামর্শ দিলেন বিচারপতি অতুল শ্রীধরন। তিনি জানান, ‘রাম মন্দিরের টাকা চুরি করতেও মানুষের লজ্জা হয় না, এটা সততার সর্বনিম্ন স্তর।’ শুধু তাই নয় রাম মন্দিরের চুরি নিয়ে বিচারপতি বলেন, দুর্নীতিগ্রস্তরা দোষী সাব্যস্ত হলে তাঁদের মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেন।
উত্তরপ্রদেশে বুলডোজার অভিযানের বিরুদ্ধে সুরক্ষা চেয়ে সম্প্রতি এলাহাবাদ হাই কোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই শুনানি চলাকালীন দেশের প্রতিষ্ঠানগুলিতে ব্যাপক দুর্নীতির প্রসঙ্গ উঠে আসে। রাম মন্দিরে চুরির প্রসঙ্গ তুলে ধরেন বিচারপতি শ্রীধরন। তিনি বলেন, ‘অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতীয়রা এখন দুর্নীতিকে স্বাভাবিক বলে মেনে নিয়েছে। ধরা না পড়লে বিষয়টিকে আর অপরাধ হিসেবে মনে করা হয় না। রাম মন্দিরে সাম্প্রতিক চুরির ঘটনা ভারতীয়দের সততার সর্বনিম্নস্তর।
বিচারপতি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও নির্বিচারে ভাঙচুর চলছে। যেন রায়গুলোর কোনও অস্তিত্বই নেই, অথবা রাষ্ট্র নিশ্চিত যে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করলেও বিশেষ সমস্যার সম্মুখীন হতে হবে না তাদের।”
উল্লেখ্য, রাম মন্দিরে ভক্তদের অনুদান চুরির ঘটনায় সাড়া পড়ে গিয়েছে গোটা দেশে। মামলার তদন্তে নেমে একাধিক জনকে আটক করেছেন তদন্তকারীরা। তাঁদের জেরা করে জানা গিয়েছে, প্রথমে দুই হাজার টাকা করে চুরি করত তাঁরা। বেশ কয়েকদিন ধরে কেউ তাদের সন্দেহ বা প্রশ্ন করেনি, এরপর নির্ভয়ে টাকার বান্ডিল চুরি করতে শুরু করে।