ওঙ্কার ডেস্ক: নিট প্রশ্নফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ২৫ দিন ধরে অনশন করছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। বিষয়টি নিয়ে রাস্তায় নেমেছে বিরোধী দল কংগ্রেসও। এই আবহে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বুধবার লোকসভায় জানালেন সংসদে নিট প্রশ্নফাঁস নিয়ে বিতর্কে রাজি সরকার। তবে বিরোধীরা যে ধর্মেন্দ্রর পদত্যাগের দাবি তুলেছেন সে বিষয়ে কিছু জানাননি কেন্দ্রীয় মন্ত্রী।
বুধবার সংসদের অধিবেশনে বিরোধীরা স্লোগান দিতে থাকে চলমান নিট প্রশ্নফাঁস ইস্যু নিয়ে। বিরোধীদের বিক্ষোভের মাঝেই কিরেন রিজিজু লোকসভায় ঘোষণা করেন, নিটের প্রশ্ন ফাঁসের বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য সরকার প্রস্তুত। হট্টগোলের মধ্যেই রিজিজু বলেন, ‘ছাত্রছাত্রীরাই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা নিট প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা চাই।’ এদিন বিরোধীরা সুর চড়ান ২০ জুলাই পড়ুয়াদের সংসদ অভিযানে পুলিশের হামলা প্রসঙ্গটিও তোলেন। এ বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীর কাছ থেকে বিবৃতি দাবি করেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধীরা। সে প্রসঙ্গ টেনে এদিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সংসদে কথা বলেন না, তাই তাঁরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছিলেন। তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রী সংসদের বাইরে যুবসমাজকে নিয়ে কথা বলেন। তাহলে তিনি কেন সদনে বিবৃতি দিতে পারেন না?’ অখিলেশের আরও সংযোজন, রাজধানীর রাস্তায় সরকারের নির্দেশে পুলিশ ছাত্রছাত্রীদের ওপর নৃশংসভাবে হামলা করেছিল। সরকারকে এর জবাব দিতে হবে।