ওঙ্কার ডেস্কঃ সিজেপি-র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ। রণক্ষেত্র দিল্লির রাজপথ। এই ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিলেন এই আইনজীবী। কিন্তু সেসব কথা কানে তুলল না শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, অযথা যেন তাদের সময় নষ্ট না করা হয়।
প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারী আইনজীবী জানান, নিটে প্রশ্নফাঁস, পরীক্ষা পরিচালনা এবং এনটিএর সংস্কার-সহ একগুচ্ছ বিষয়কে সামনে রেখে প্রতিবাদ করছিলেন পড়ুয়ারা। পুলিশের ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে ভিডিয়োগুলি দেখাতে যান বিচারপতিকে। মামলাকারী জানান, কীভাবে পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আটকাতে লাঠিচার্জ করেছে, তা রয়েছে ওই ভিডিয়োগুলিতে। তবে প্রধান বিচারপতি ভিডিয়োগুলি দেখবেন না-বলে জানান। তাঁর মন্তব্য, ‘‘ভিডিয়োতে আমাদের কোনও আগ্রহ নেই। আমাদের দেখার সময়ও নেই।’
সূত্রের খবর, মঙ্গলবার দিল্লি হাই কোর্টেও একই বিষয়ে আবেদন করা হয়েছিল। পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয় আদালত। মামলাকারীদের উদ্দেশে বিচারপতিদের মন্তব্য, ‘‘এই সব ব্যাপারে আদালতকে জড়াবেন না।’’