ওঙ্কার ডেস্ক: ককরোচ জনতা পার্টির ডাকে সংসদ অভিযানে সামিল হয়েছিলেন হাজার হাজার ছাত্রছাত্রী। সোমবার সেই মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন ৯০ জন। তাঁদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়ায় তাঁর ভেল্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হল। বুধবার রাম মনোহর লোহিয়া হাসপাতালের তরফে এই তথ্য জানানো হয়েছে।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই তরুণী সম্পূর্ণ সচেতন রয়েছেন। তিনি চিকিৎসকদের চেষ্টায় সাড়া দিচ্ছেন। নিজে থেকেই এখন শ্বাস নিচ্ছেন। তাঁর মস্তিষ্ক ও মেরুদণ্ডের এমআরআই রিপোর্টও স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার চিকিৎসা শুরুর পর থেকেই তাঁর স্বাস্থ্যের ধারাবাহিক উন্নতি হচ্ছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। তাঁর উপর নিবিড় পর্যবেক্ষণ চলাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সোমবার ‘সংসদ চলো’ বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীরা সংসদের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায়। বিক্ষোভকারীদের পাশাপাশি জখম হন বেশ কয়েক জন পুলিশকর্মী। যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলার সময় জখম হন ওই তরুণী।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও লেডি হার্ডিঞ্জ হাসপাতালে গিয়ে জখম বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন। আরএমএল হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে তাঁদের চিকিৎসার বিষয়ে আলোচনাও করেন কেন্দ্রীয় মন্ত্রী।