ওঙ্কার ডেস্ক: নৃশংস ভাবে এক ১৬ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে অসমের হাইলাকান্দি জেলায়। এই ঘটনার তদন্তে নেমে তিন কিশোরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে নাবালিকার প্রেমিকও রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার বিষয়ে আরও জানতে চাইছেন তদন্তকারীরা।
শনিবার রাতে অসমের হাইলাকান্দি জেলায় ৬ নম্বর জাতীয় সড়কের কাছে বাড়ি থেকে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার প্রাথমিকভাবে পাঁচ জনকে আটক করা হয়েছিল। সোমবার তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বয়স ১৭ থেকে ১৯ বছর। ইতিমধ্যে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। হাইলাকান্দির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমিতাভ সিনহা বলেন, ‘ধৃতদের মধ্যে একজনের বয়স সাড়ে ১৭ বছর; তবে ঘটনার নৃশংসতা বিবেচনা করে আমরা আদালতের কাছে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করার আবেদন জানিয়েছি।’
উল্লেখ্য, শনিবার রাত ১১টা নাগাদ কাটলিছড়া থানার আলোইচড়া এলাকায় এই নারকীয় ঘটনাটি ঘটে। নির্যাতিতার পরিবারের দাবি, ঘটনার সময় তারা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। নির্যাতিতার মা এ বিষয়ে বলেন, ‘আমাদের মেয়েও ওই আত্মীয়ের বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে এক জনের সঙ্গে তর্কাতর্কির পর রাত সাড়ে ১০টা নাগাদ সে বাড়ি ফিরে আসে। আমরা ভেবেছিলাম পরে তার জন্য খাবার নিয়ে যাব, কিন্তু ঘণ্টাখানেক পর বাড়ি ফিরে তার মৃতদেহ দেখতে পাই।’