ওঙ্কার ডেস্ক: সফরের মাঝে ট্রেনের মধ্যে সন্তানের জন্ম দিলেন এক মহিলা। ভ্রমণকালে তাঁর প্রসববেদনা শুরু হতে সাহায্যের জন্য এগিয়ে আসেন সহযাত্রী এক নার্স এবং রেলওয়ে কর্মীরা। এটি ঘটেছে অবধ অসম এক্সপ্রেস-এ। রেল সূত্রে খবর, ওই অন্তঃসত্ত্বা মহিলা নিরাপদে সন্তানের জন্ম দিয়েছেন। রেলওয়ে কর্মী, ট্রেনে থাকা এক নার্স এবং মেডিকেল টিমের যৌথ চেষ্টায় এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। সন্তান প্রসবের পরে ওই মহিলাকে এবং নবজাতককে হাসপাতালে পাঠানো হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, গত ১৪ জুন ১৫৯১০ নম্বর অবধ অসম এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটেছে। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে-এর তথ্য অনুযায়ী, ট্রেনটি যখন রঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছায়, সেই সময় ওই মহিলা যাত্রীর প্রসববেদনা শুরু হয়। রেলওয়ে কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে। রেলওয়ে আধিকারিকরা রঙ্গিয়া কন্ট্রোল, কমার্শিয়াল এবং মেডিকেল বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর আগেই রঙ্গিয়া ডিভিশনের মেডিকেল অফিসার ডক্টর শরৎ চন্দ্রের নেতৃত্বে মেডিকেল টিম সেখানে পৌঁছয়। ওই ট্রেনে জোরহাট খ্রিস্টান মিশন হাসপাতালের কর্মী কৃষ্ণমা গোল্ডস্মিথ বেজবরুয়া যাত্রা করছিলেন— তিনিও সন্তান প্রসবে ওই মহিলাকে সহযোগিতা করেন।
ট্রেনটি রঙ্গিয়ায় পৌঁছানোর পর নবজাতক ও মায়ের চিকিৎসার জন্য রঙ্গিয়া রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেহেতু শিশুটি সময়ের আগেই জন্মগ্রহণ করেছে, তাই উন্নত চিকিৎসার জন্য মা ও শিশুকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মা ও শিশু উভয়েই সুস্থ রয়েছে বলে রেলের আধিকারিকরা জানিয়েছেন। এই জরুরিকালীন পরিস্থিতি যথাযথ ভাবে সামাল দেওয়ার জন্য নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কর্মীদের প্রশংসা করেছে।