ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দু জনের। নিহতরা সম্পর্কে বাবা ও ছেলে বলে জানা গিয়েছে। দিল্লি-আগ্রা জাতীয় সড়কে তাঁদের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে জখম হয়েছেন পরিবারের আরও দুই সদস্য-সহ তিন জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কোসি কালান থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই পরিবারটি ইটাওয়ার সিরসাগঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মানেসরে ফিরছিল। সেই যাত্রাপথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। পুলিশ আধিকারিক কমলেশ সিং জানিয়েছেন, গাড়িটি সামনে থাকা অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়, যার ফলে সেটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন রাম শঙ্কর (৫৫)। ঘটনাস্থলেই তাঁর এবং তাঁর ছেলে আমনের (২৫) মৃত্যু হয়। দুর্ঘটনার সময় গাড়ির পেছনের আসনে বসেছিলেন রাম শঙ্করের স্ত্রী শকুন্তলা, তাঁর বড় ছেলে অভিষেক এবং পরিবারের বন্ধু পাপ্পু। তাঁরা গুরুতর ভাবে জখম হয়েছেন। আহত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানেই তাঁদেরকে ভর্তি করা হয়েছে। পুলিশ আধিকারিক জানান, গাড়ি চালানোর সময় রাম শঙ্করের চোখে কোনও ভাবে তন্দ্রা নেমে এসেছিল সেই কারণে এই দুর্ঘটনা ঘটে। সামনের গাড়িটি ব্রেক কষার ফলে নিয়ন্ত্রণ হারিয়েও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।