ওঙ্কার ডেস্ক: প্রিয় পোষ্য পাখিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর গিরিনগর এলাকায়। ৩২ বছর বয়সী ওই ব্যবসায়ীর নাম অরুণ কুমার।
রিপোর্ট অনুসারে, অরুণের পোষা একটি টিয়া পাখি ছিল, যার মূল্য ছিল আড়াই লক্ষ টাকা। সেটি শুক্রবার বাড়ি থেকে উড়ে একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে বসে। এর পর ওই ব্যবসায়ী বাঁচাতে যান প্রিয় পোষ্যটিকে। তখনই দুর্ঘটনাবশত একটি হাইভোল্টেজের তার স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হন অরুণ। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতে একটি স্টিলের পাইপ নিয়ে ওই ব্যবসায়ী পাখিটিকে ফেরাতে দেওয়ালে ওঠেন। সেই সময় পাইপটি একটি হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে আসে। যার ফলে তীব্র বৈদ্যুতিক শক লাগে অরুণের। সঙ্গে সঙ্গে দেওয়াল থেকে পড়ে যান তিনি। গুরতর জখম অবস্থায় অরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিয়ে এক সিনিয়র পুলিশ আধিকারিক বলেন, ‘অরুণ কুমার একটি স্টিলের পাইপ নিয়ে পাখিটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। দুর্ঘটনাবশত হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে আসেন তিনি। শকটি মারাত্মক ছিল।’
অন্য দিকে ব্যবসায়ীর এমন মৃত্যুতে শোকের ছায়া তাঁর পরিবারে। পুলিশ জানিয়েছে, অরুণ কুমার যানবাহনের নম্বর প্লেট তৈরির ব্যবসা করতেন। গোটা ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
