ওঙ্কার ডেস্ক: ‘বিহারে পালাবদলের সম্ভাবনা নেই’, এমনটাই ইঙ্গিত সবকটি বুথ ফেরত সমীক্ষায়। মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ওই দিন দ্বিতীয় অর্থাৎ শেষ দফায় নির্বাচন শেষ হতে একাধিক সংস্থা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। যেখানে দাবি করা হয়েছে, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আবার বিহারের মসনদে বসতে চলেছে নীতিশ-মোদী জুটি। তবে এই সমীক্ষা অস্বীকার করেছে আরজেডি ও কংগ্রেস।
বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, বিহার বিধানসভায় বিরোধী আসনে বসতে চলেছে ইন্ডিয়া জোট। নির্বাচনে প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি ৫টি আসন পেতে পারে বলে অনুমান করা হয়েছে। যদিও ইন্ডিয়া জোটের নেতারা বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত অস্বীকার করেছেন। উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা এবং ফলপ্রকাশ। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে ১২২টি আসন দরকার সরকার গঠন করতে।
মঙ্গলবার পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, এনডিএ শিবির ১৩৩ থেকে ১৫৯টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে ৭৫ থেকে ১০১টি আসন। প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি ৫টি আসন, এবং অন্যান্যরা ২ থেকে ৮টি আসনে পেতে পারে বলে দাবি করা হয়েছে।
পি-মার্কের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, এনডিএ শিবির ১৪২ থেকে ১৬২টি আসন, ইন্ডিয়া জোট ৮০ থেকে ৮৯টি আসন পেতে পারে, প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি সর্বাধিক ৪টি এবং অন্যান্যরা খুব বেশি হলে ৩টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
চাণক্য স্ট্র্যাটেজিস এর সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে এনডিএ পেতে পারে ১৩০ থেকে ১৩৮টি আসন, রাহুল তেজস্বীদের মহাগঠবন্ধন পেতে পারে ১০০ থেকে ১০৮টি আসন, অন্যান্যরা ৩ থেকে ৫টি আসন। পাশাপাশি, দৈনিক ভাস্করের সমীক্ষায় দাবি করা হয়েছে, এনডিএ জোট পেতে পারে ১৪৫ থেকে ১৬০টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে সর্বাধিক ৯১টি আসন। জন সুরজ পার্টি ৩টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যান্যরা পেতে পারে ৫ থেকে ৭টি আসন।
ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, এনডিএ পেতে পারে ১৪৭ থেকে ১৬৭টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ৭০ থেকে ৯০টি আসন। প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি পেতে পারে ২টি আসন। অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৮টি আসন। জেভিসির সমীক্ষায় তুলে ধরা হয়েছে এনডিএ ১৩৫ থেকে ১৫০ আসন পাওয়ার সম্ভাবনা। ইন্ডিয়া জোট ৮৮ থেকে ১০৩টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে। জন সুরজ পার্টি সর্বাধিক ১টি আসন এবং অন্যান্যরা সর্বাধিক ৬টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষায় এনডিএ জোট এগিয়ে থাকলেও এই ইঙ্গিত অস্বীকার করেছে কংগ্রেস এবং আরজেডি। বুথ ফেরত সমীক্ষা সর্বদা যে সঠিক হয় এমনটাও নয়। বিহারে ক্ষমতার মসনদে কে বসবে, চূড়ান্ত ভাবে তা জানার জন্য আগামী ১৪ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত সেদিকেই নজর সব পক্ষের।
