ওঙ্কার ডেস্ক: বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকায় খসড়া তালিকার তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে।
কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুসারে, বর্তমানে পাটনা জেলায় মোট ভোটারের সংখ্যা ৪৮,১৫,২৯৪ জন। ১ আগস্ট, ২০২৫ তারিখে জারি করা খসড়া ভোটার তালিকায় এই জেলায় ভোটার ছিল ৪৬,৫১,৬৯৪ জন। তালিকায় সংশোধনের উদ্দেশে এক মাস আপত্তি জানানোর জন্য সময় দেওয়া হয়েছিল। সেই প্রক্রিয়ার পর, পাটনা জেলায় চূড়ান্ত তালিকায় ১,৬৩,৬০০ ভোটারের সংখ্যা বেড়েছে। এদিন এক সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোটাররা এখন নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের বিবরণ পরীক্ষা করতে পারবেন। এই তালিকার ভিত্তিতে চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন হবে।
কমিশন সূত্রে খবর, আগামী ৬ থেকে ৭ অক্টোবরের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। তার আগে এই ভোটার তালিকা প্রকাশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রসঙ্গত, ২২ বছর পর বিহারে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল। যা রাজনৈতিক ভাবে এবং আইনি ভাবে বিতর্ক তৈরি করেছে। উল্লেখ্য, গত ১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। আপত্তি জানানোর জন্য ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এসআইআর শুরু হওয়ার আগে বিহারে ৭.৮৯ কোটি ভোটার ছিল। খসড়া তালিকায় ৭.২৪ কোটি ভোটারের নাম ছিল। বাদ দেওয়া হয়েছিল ৬৫.৬৩ লক্ষ নাম। খসড়া তালিকা প্রকাশের পর, ৩ লক্ষ ভোটারকে নোটিশ দেওয়া হয়েছিল। আপত্তি জানানোর সময় পর্বে ২.১৭ লক্ষ মানুষ তাদের নাম বাদ দেওয়ার জন্য আর্জি জানিয়েছিল। যেখানে ১৬.৯৩ লক্ষ মানুষ নিজেদের অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছিল।
