ওঙ্কার ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ সাইয়্যেদ আলি খামেনেই-এর রাষ্ট্রীয় শেষকৃত্য ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। খামেনেই এর শেষকৃত্যে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি থাকায় এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না মোদী। তাঁর জায়গায় প্রতিনিধিত্ব করবেন বিহারের রাজ্যপাল এবং বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী।
পিএমও সূত্রের খবর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ওই সময়ে মোদীর ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরের নির্ধারিত কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন খামেনেই। মার্চ মাসে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতার শেষকৃত্য হওয়ার কথা থাকলেও ওই সময়ে মধ্যপ্রাচ্যে সংঘাত চলমান থাকায় তা স্থগিত করা হয়। আগামী জুলাইয়ে ইরানের একাধিক শহরে শেষকৃত্যের অনুষ্ঠান হওয়ার কথা।
তেহরানের তরফে জানানো হয়েছে, আগামী ৪ জুলাই খামেনেই এর রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান শুরু হবে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে খামেনেইর মরদেহ রাখা থাকবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের অংশ হিসেবে তেহরান ও কোমে শোভাযাত্রা বেরোবে। এছাড়া ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাতেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এর পর ৯ জুলাই খামেনেইর নিজ শহর মাশহাদের ইমাম রেজা মাজারে সমাধিস্থ করা হবে ইরানের সর্বোচ্চ নেতাকে।