ওঙ্কার ডেস্ক: ক্যাম্পের মধ্যে থেকে এক মহিলা কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার হল। জম্মুতে বাহিনীর ফ্রন্টিয়ার সদর দফতরে তাঁর নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কনস্টেবলের দেহ উদ্ধার হয়েছে। তিনি আত্মঘাতী হয়েছেন নাকি খুন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কী কারণে এমন ঘটনা তাও অনুসন্ধান করা হচ্ছে। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর বাহিনীর মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম বিষ্ণু প্রিয়া রায়। তিন মাসের একটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোর্সে ভর্তি হয়েছিলেন তিনি। গত ২৫ মে থেকে সেই কোর্স শুরু হয়েছিল। শহরের কাছে পালৌরা এলাকায় অবস্থিত বিএসএফ-এর ওই ফ্রন্টিয়ার সদর দফতরের ভেতরে কমান্ড হাসপাতালে তাঁর থাকার জন্য ঘরের বন্দোবস্ত করা হয়েছিল। সেখানেই তিনি থাকছিলেন। তদন্তকারীরা জানান, বিষ্ণু প্রিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই তরুণী আত্মঘাতী হয়েছেন। তবে নেপথ্যে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীদের মতে, ময়নাতদন্তের জন্য তাঁর দেহ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অন্য দিকে গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ তাঁর সহকর্মী ও কনস্টেবলদের জিজ্ঞাসাবাদ করছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পাশাপাশি মৃত কনস্টেবলের পরিবারের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। কোনও কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, তা ও খতিয়ে দেখা হচ্ছে।