ওঙ্কার ডেস্ক: অতীতে বিভিন্ন সময়ে বিজেপির নেতারা মুসলিম বিরোধী মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন উত্তরপ্রদেশের আরও এক পদ্ম নেতা। উত্তরপ্রদেশের ওই সিনিয়র বিজেপি নেতার মন্তব্য, মুসলিমদের ভোটের প্রয়োজন নেই। শুধু তাই নয়, তিনি বলেন, আগামী দিনে ওই সম্প্রদায়ের ‘সুখ-দুঃখে’ও পাশে থাকবেন না। বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে আসা ওই বিজেপি নেতার নাম সুরেশ পাসি।
সুরেশের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে জগদীশপুরের বিধায়ককে বলতে শোনা গেছে, ‘আমি কখনও মসজিদে যাই না, অতীতেও যাইনি এবং ভবিষ্যতেও যাব না। আমি ভোট চাইতে যাই না, আর তাদের সুখ-দুঃখেও সামিল হই না।’ তিনি আরও বলেন, এ বিষয়ে তিনি সম্পূর্ণ নিশ্চিত যে, ভোট চাওয়ার জন্য মুসলিমদের বাড়িতে তিনি যাবেন না। যদিও তাঁর এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেনি বিজেপি। দলের আমেঠি জেলা সভাপতি সুধাংশু শুক্লা পাসির এই বক্তব্য থেকে দলের দূরত্ব রচনা করেছেন। তিনি বলেন, ‘বিজেপি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’-এ বিশ্বাস করে। এটিই দলের স্পষ্ট অবস্থান। সুরেশ পাসি যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মত।’
অন্য দিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। হাত শিবিরের জেলা সভাপতি প্রদীপ সিঙ্ঘল এই বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। কংগ্রেসের নেতা বলেন, ‘যখনই নির্বাচন ঘনিয়ে আসে, বিজেপি নেতারা এই ধরনের মন্তব্য করেন। তাঁরা শুধু ভোট পাওয়ার জন্য ভাইয়ের বিরুদ্ধে ভাইকে, এক ধর্মের বিরুদ্ধে অন্য ধর্মকে এবং এক জাতের বিরুদ্ধে অন্য জাতকে উস্কে দেওয়ার চেষ্টা করেন। এগুলো সবই নাটক।’ সমাজবাদী পার্টির জেলা সভাপতি রাম উদিত যাদব এই বক্তব্যকে ঘৃণা ছড়ানোর চেষ্টা বলে অভিহিত করেছেন।
